অনুপ্রবেশ ঠেকাতে এনআইডি সার্ভারে ওটিপি চালু

২২ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:২১  
জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারের (সার্ভার) সুরক্ষায় রোববার (২২ সেপ্টেম্বর) ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। চট্টগ্রামের খসড়া ভোটার তালিকায় রোহিঙ্গা ভোটার শনাক্ত হওয়ার পর দেশব্যাপী সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে। ফলে আজ থেকে ওটিপি ছাড়া ইসির কোনো কর্মকর্তা বা কর্মচারী ভোটার তথ্যভান্ডারে ঢুকতে পারছেন না। ইসি সচিবালয় সূত্র জানাগেছে, ডেটা এন্ট্রি অপারেট, প্রুফ রিডার বা উপজেলা/থানার কোনো কর্মকর্তাকে এখন সার্ভারে ঢুকতে হলে তাকে প্রথমে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে। ফিঙ্গার প্রিন্ট অনুমোদিত হলে তবেই তিনি পাসওয়ার্ড পাবেন। পাসওয়ার্ড অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার ই-মেইল অথবা মোবাইল ফোনে এই ওটিপি পাবে। প্রাপ্ত ওটিপি তিনি সংশ্লিষ্ট কর্মী বা কর্মকর্তা দিলে তবেই ওই ব্যক্তি সার্ভারে ঢুকতে পারবেন। আগে শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে ডেটা এন্ট্রি অপারেটর বা কর্মকর্তা-কর্মচারীরা সার্ভারে ঢুকতেন। আর এই সুযোগ নিয়ে তাদের অনেকে অন্য অপারেটরের পাসওয়ার্ড ব্যবহার করে জালিয়াতির কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে মাঠকর্মীদের পুরোনো পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড দেওয়া হয়েছে।একই সঙ্গে ফিঙ্গার প্রিন্ট ব্যবহারের নিয়ম চালু করা হয়েছে।